চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফসংশ্লিষ্ট অন্তত ২১টি সহিংসতার ঘটনায় ১০ বাংলাদেশি নিহত, ১০ জন আহত এবং একজন অপহরণ বা আটকের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন গুলিতে এবং তিন জন নির্যাতনে মারা যান। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন বিচারাধীন এবং ২৪ জন দণ্ডপ্রাপ্ত বন্দি। বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আসকের তথ্যে বলা হয়েছে, দেশে গত ছয় মাসে ১৯৫ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের মধ্যে ১১০ জনের বয়স ১২ বছরের নিচে। এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র ৫৯টি। একই সময়ে ৩৪৭ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া পুলিশ হেফাজত ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১১ জন। ৩৭৪টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ৬৬ জন এবং আহত হয়েছেন ২ হাজার ৮৫৪ জন। পাশাপাশি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ২০৯ জন সাংবাদিক। গত ছয় মাসে ১৭১ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর গণধর্ষণের শিকার হয়েছে ৬৮ জন। ধর্ষেণের পর হত্যা করা হয়েছে ২৩ জনকে।