দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কামরুজ্জামান রোমান পরিচালিতব্য চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা গেয়েছেন নতুন একটি রোমান্টিক দ্বৈত গান।‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তনে সংগীতপ্রেমীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।গানটি নিয়ে ন্যান্সি বলেন, “ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। গানটির কথা ও সুর খুবই সুন্দর, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। দীর্ঘ বিরতির পর এমন একটি মানসম্মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে সত্যিই ভালো লাগছে।”ইমরান মাহমুদুলও গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “ন্যান্সি বাংলা গানের অন্যতম শক্তিশালী কণ্ঠশিল্পী। তাঁর সঙ্গে দ্বৈত গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।”
থ্রিলারধর্মী ‘শিকার’ চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটির পুরো শুটিং নেপালে অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই শুটিংয়ে অংশ নিতে সিনেমার পুরো ইউনিট সেখানে যাবে। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। নতুন গল্প, নতুন গান এবং ভিন্নধর্মী নির্মাণ নিয়ে ‘শিকার’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে।







