আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ‘সির সির’ গানের সফলতার পর আবারও একসঙ্গে ফিরছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পায় আগামী ২৯ জুন।ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ শুধু খেলাধুলার জয়কে ঘিরে নয়, বরং জীবনের প্রতিটি সংগ্রাম ও সাফল্যকে উদযাপনের বার্তা নিয়ে তৈরি হয়েছে। তার ভাষায়, গানটি মানুষকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং বিজয়ের অনুভূতি জাগিয়ে তুলবে।সঞ্জয় দেব বলেন, “এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি পাক।”গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে গানটির কাজ হয়েছে। বিশ্বকাপের আবহকে কেন্দ্র করেই তিনি ও নোরা ফাতেহি এটি প্রকাশের পরিকল্পনা করেন।‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির দৃশ্যধারণ শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। সঞ্জয়ের মতে, জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে ভিন্নমাত্রা।এদিকে গানটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রচারণা। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নোরা ফাতেহি লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’-এর জন্য প্রস্তুত তো?” তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন গানটি নিয়ে কৌতূহল ও প্রত্যাশা বেড়েছে।
বিশ্বকাপের আবহে প্রকাশ হতে যাওয়া ‘চ্যাম্পিয়ন’ আন্তর্জাতিক দর্শকদের কাছেও ইতিবাচক সাড়া ফেলবে বলে আশাবাদী সঞ্জয় দেব ও নোরা ফাতেহি।








