সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের যাদবপুর গ্রামের ট্রাকচালক কাজী বুলবুল হোসেন, তার সহকারী কবির হোসেন, সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর ব্যাপারিপাড়া মহল্লার সুজন শেখ ও সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানা।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি হামিদুল ইসলাম দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামি সুজন শেখ ও মাসু রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে আসামি কাজী বুলবুল হোসেন ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আসামিরা আত্নগোপনে রয়েছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এসময় শহরের মিলন মোড় এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেফতার করে। পরে দেহ তল্লাশি চালিয়ে পাঁচটি (অ্যাম্পল) বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০টি (অ্যাম্পল) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
অপরদিকে, ২০১৩ সালের ২১ মার্চ যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ডিউটিকালীন সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এসময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলেও চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ট্রাকসহ আটকের পর তল্লাশি চালিয়ে ৪৯৭ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
এম এ মালেক/এএইচ/এমএস








