শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ১৪ থেকে ১৬ বছর বয়সীদের নিরাপত্তার জন্য বিশ্বের বিভিন্ন দেশ যে ধরনের ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশও তা যাচাই-বাছাই করে দেখবে।শনিবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদে একটি পানির ট্যাংক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘সাইবার সুরক্ষা কমিটি শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়টি নিয়ে বিস্তারিত চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবে। আমরা মূলত তাদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি।’শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বিস্তার নিয়ে মন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ডিজিটাল ল্যাব রয়েছে। সরকার নতুন করে আরও দুই হাজার ডিজিটাল ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে।এর আগে মন্ত্রী মধুপুরের কাকরাইদে এক লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন একটি সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি মধুপুরের জটাবাড়ি ফাযিল ডিগ্রি মাদ্রাসা, গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদ্রাসা এবং আদর্শ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স এবং মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
প্রযুক্তি
শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ির ইঙ্গিত আইসিটি মন্ত্রীর

শেয়ার করুন







