ফরিদপুরে অসাবধানতাবশত গিলে ফেলা ৫ টাকার ধাতব কয়েন ৭ বছরের শিশুর পাকস্থলী থেকে অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার ছাড়াই আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে কয়েনটি বের করে আনায় শিশুটির পরিবারে স্বস্তি ফিরেছে। বুধবার দুপুরে ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির নাম আলিফ। তার বাবার নাম সুজন শেখ। পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার একপর্যায়ে আলিফ অসাবধানতাবশত কয়েনটি গিলে ফেলে। পরে পেটে অস্বস্তি অনুভব করলে দ্রুত হ্যাপি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির পাকস্থলীতে কয়েনটি আটকে থাকার বিষয় ধরা পড়ে।

পরবর্তীতে চিকিৎসকদের একটি টিম এন্ডোস্কোপির মাধ্যমে কয়েনটি সফলভাবে অপসারণ করে। শিশুটি সুস্থ রয়েছে।