চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক ইট দিয়ে কৃষকের মাথায় আঘাত করে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

মঙ্গলবার রাতে পৌরসভার পন্থিছিলা এলাকার মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম মোহাম্মদ সেলিম (৫৪)। এ ঘটনায় বুধবার তিনি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা ইকবাল হোসেন নামে এক যুবকের সঙ্গে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে ওই গৃহবধূর বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়দের কাছে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং সেখান থেকে চলে যান।

অভিযোগ অনুযায়ী, কিছু সময় পর তিনি আবার ঘটনাস্থলে ফিরে এসে মোহাম্মদ সেলিমের ওপর হামলা চালান। একপর্যায়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত কৃষক মোহাম্মদ সেলিম জানান, দীর্ঘদিন বিদেশে কর্মরত থাকার পর দেশে ফিরে তিনি কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তিনি অভিযোগ করেন, পরকীয়া সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়েছে। হামলার পর থেকে তিনি চোখে দেখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানান।

সেলিমের ছেলে পারভেজ অভিযোগ করেন, অভিযুক্ত যুবক এর আগেও এলাকায় নারীসংক্রান্ত বিভিন্ন ঘটনায় জড়িয়েছিলেন। তার নানা কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। ভয়ে অনেকেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। বর্তমানে তাদের পরিবারও হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম বলেন, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত হামলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post সীতাকুণ্ডে পরকীয়ায় বাধা দেওয়ায় কৃষকের ওপর হামলার অভিযোগ appeared first on ZoomBangla.