নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সমন্বয়হীনতা দূর করতে সিটি করপোরেশনগুলোকে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, এর মাধ্যমে রাজউক, ওয়াসা, বিদ্যুৎ, ট্রাফিক পুলিশসহ নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব হবে।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সবার দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছা রয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে একটি দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা ও উন্নত নাগরিক বোধ তৈরির লক্ষ্যে আগামী বছরের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে নৈতিকতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটিকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, সচেতন ও দায়িত্বশীল নাগরিকদের সহযোগিতা নিয়েই ডিএনসিসির সব সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে অতিবৃষ্টির কারণে নগরীর কোথাও যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে উত্তর সিটি করপোরেশন সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এমএমএ/এমএএইচ/








