নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট সংলগ্ন পুকুরে মরদেহ পাওয়া গেছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট সংলগ্ন একটি পুকুরের পানিতে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরবর্তীতে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় ভিকটিমের পরিচয় শনাক্তকরণের লক্ষ্যে সিআইডির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের চেষ্টা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
হাতিরঝিলে ভাসছিল বৃদ্ধের মরদেহ
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ১০-১২ দিন পূর্বে যেকোনোভাবে ভিকটিমের মৃত্যু হতে পারে। মরদেহ পচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির টিমও পরিচয় শনাক্তের চেষ্টা করে যাচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ এর মর্গে প্রেরণ করা হয়েছে।
মো. আকাশ/এসজেডএইচ/এএসএম








