চতুর্দশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনঃনির্মাণের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি পানাম নগরীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন-আরিফুর রহমান, রবিউল হুসাইন, রহমান মুজিব, আসমা আখতারী, মোয়াজ্জেনুল হক, মোফাখখার সাগর, শংকর প্রকাশ, বিল্লাল হোসেন, সুমন আল হাসান, প্রকৌশলী বাবুল মোল্লা প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পানাম নগরীর প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন চুনা ও ইটের তৈরি একটি ছোট্ট প্রাচীন সেতু ছিল। ২০০১ সালে ওই সেতুটি স্থানীয় প্রভাবশালী মহল ঝুঁকিপূর্ণ সেতু মনে করে ভেঙে ফেলে। ভেঙে ফেলা ওই সেতুটি পানাম নগরীর ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও লালন করে আসছিল। পানাম নগরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সেতুটি পুরোনো আদলে দ্রুত পুনঃনির্মাণের দাবি জানাচ্ছি।







