মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, “হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে তিন যুবক শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ওই যুবকদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সৌরভ (২৫) ও নাঈম (২৩) মারা যান। সাব্বির নামে আরেক যুবক আহত হন।”
তিনি জানান, মারা যাওয়া সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে। নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।








