শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় মাসহ দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামের রতন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার সদর উপজেলার মো. মোবারক হোসেনের স্ত্রী মনি আক্তার। তিনি তার দুই বছর বয়সি সন্তান মাইশা ও চার বছর বয়সি সন্তান আব্দুল্লাহকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

শিশুর বাবা মোবারক হোসেন জানান, স্ত্রী-সন্তান নিয়ে টেপিরবাড়ি গ্রামে রতন মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় স্মার্ট গার্মেন্ট নামে পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরে দুই সন্তানসহ স্ত্রীকে ফ্লোরে গড়াগড়ি করতে দেখেন। এ সময় দুই সন্তানকে মুখ থেকে ফেনা বের হওয়া ও ঘরে কীটনাশকের গন্ধ পেয়ে দ্রুত তাদের নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক দুই সন্তানকে আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মা ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।