স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং সংসদে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ইসি ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ-সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

গাইবান্ধা-২ আসনের সংসদ-সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের কাছে নেই। তিনি বলেন, জেলা পরিষদ আইন-২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ-সদস্যরা উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হবেন এবং তার পরিষদের কার‌্যাবলি সম্পাদনে পরামর্শ দেবেন।

এনসিপির সংসদ-সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।