বরগুনার তালতলীতে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আসাদুল (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে ও স্রোতের তোড়ে সে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সমুদ্রসৈকত শুভসন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আসাদুল ও তার সমবয়সি চারজন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে আসে। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামে। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় ৪ জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আসাদুল ভেসে গিয়ে দীর্ঘ সময় ধরে সমুদ্রের মাঝে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা বিষয়টি পুলিশ ও দমকল বিভাগকে জানালে নিখোঁজ আসাদুলকে উদ্ধারে অভিযান শুরু করেন দমকলকর্মীরা।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে গোসল করতে নামে। তাদের মধ্যে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে পুলিশ, দমকল ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।








