বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধু ঘরবাড়ি মেরামত করে দেওয়ার অঙ্গীকার করতে আসিনি, আপনারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তার ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে করতে চাই।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ভয়াবহ বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেসব ঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়।

আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের মাঝে মাধবী মারমার ত্রাণ সহায়তা

প্রতিমন্ত্রী আরও বলেন, বান্দরবানের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান প্রবাহপথ মেক্সি খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খালটি সচল করা গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

নয়ন চক্রবর্তী/এসজেডএইচ/এএসএম