রুমমেটের মুখ সুঁই ও সুতা দিয়ে সেলাই করে দেওয়ার অভিযোগে এক জাপানি নারীকে আটক করেছে দেশটির পুলিশ। ৪৯ বছর বয়সী ওই নারীকে সোমবার টোকিওর দক্ষিণ-পূর্বের শহর কোগা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসাই সাকুরাই সুঁই ও সুতা ব্যবহার করে তার রুমমেটের মুখ সেলাই করে দেন। এতে করে ভিক্টিম (৪২) কথা বলতে বা খাওয়াদাওয়া করতে পারছিলেন না। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের।
পুলিশ জানায়, অভিযুক্ত সাকুরাই গত ২৯ জুন স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ওই নৃশংস কাজটি করেন। সাকুরাই তার বিরুদ্ধে আনা অভিযোগের দায়স্বীকার করেছেন কি না সে বিষয়টি নিশ্চিত না করলেও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান বলে জানায় পুলিশ।
জানা যায়, অভিযুক্ত সাকুরাই না থাকার সুযোগে ভিক্টিম নারী ঘটনার পরদিন দুপুর দেড়টার দিকে ওই বাসা থেকে পালিয়ে যান। মুখে একটি সাদা মাস্ক পরে তিনি নিকটস্থ একটি দোকানে দৌড়ে যান এবং দোকানের এক কর্মচারীর দিকে ‘দয়া করে আমাকে সাহায্য করুন’ লেখা একটি চিরকুট এগিয়ে দেন। তখনই দোকানের ওই কর্মচারী পুলিশকে খবর দেন।
জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে জানা যায়, ওই দুই নারী ২০২৫ সালের এপ্রিল থেকে অভিযুক্ত সাকুরাইয়ের বাসায় একসঙ্গে বসবাস করে আসছিলেন।
এএমএ







