ভারতের সুপ্রিম কোর্টে শুক্রবার এক নাটকীয় পরিস্থিতির অবতারণা হয়েছে। সশরীরে আবেদনকারী হিসেবে উপস্থিত এক ব্যক্তি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে গালিগালাজ করেছেন, আদালতকক্ষে কাগজপত্র ছুড়ে মেরেছেন। খবর এনডিটিভি অনলাইন।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং অলোক আরাধের আংশিক কার্যদিবসের বেঞ্চের সামনে।

প্রবাল প্রতাপ নামের ওই আবেদনকারী বেঞ্চের সামনে উপস্থিত হয়ে নিজেকে ‘সার্বভৌম’ হিসেবে পরিচয় দেন। 

বিচারপতিদের ‘বিচারিক কর্মচারী’ বলে সম্বোধন করে তিনি বলেন, “জনাব বিচারিক কর্মচারী, আমি আপনাকে আদেশ দিচ্ছি যে, সাইবার অপরাধে একটি সিন্ডিকেট চালানোর জন্য লখনৌ এর এএসপি-র বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দিন।”

বিস্মিত বিচারপতি কে ভি বিশ্বনাথন অবিশ্বাসের সাথে তাকে জিজ্ঞাসা করেন, “আপনি আমাকে আদেশ দিচ্ছেন? আপনি আমাদের আদেশ দিচ্ছেন?”

জবাব না দিয়ে আবেদনকারী ভারতের প্রধান বিচারপতিকে গালিগালাজ করতে শুরু করেন এবং বাতাসে কাগজপত্র ছুড়ে মারেন, যার ফলে শুনানিতে বিঘ্ন ঘটে।

আদালতের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে তাকে আদালতকক্ষ থেকে বের করে দেন। এরপর তাকে আদালতকক্ষের ভেতরে ডিএসপি-র কার্যালয়ে কিছু সময়ের জন্য আটক রাখা হয়।

বিঘ্ন সত্ত্বেও, বেঞ্চ আবেদনকারীর বিরুদ্ধে আদালত অবমাননা বা অন্য কোনো জবরদস্তিমূলক কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে।

আদেশ ঘোষণা করে বিচারপতি বিশ্বনাথন বলেন, “আমরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না। মামলার গুণাগুণের বিষয়ে, আমরা নথিগুলো পর্যালোচনা করেছি। আমরা আপত্তিকৃত আদেশে হস্তক্ষেপ করার মতো কোনো উপযুক্ত কারণ খুঁজে পাইনি। বিশেষ অনুমতির আবেদনটি খারিজ করা হলো।”

বিচারক পরে মন্তব্য করেন, “ওই ব্যক্তি খুব বিচলিত... পুরোটাই হতাশা। আমরা কেবল তার প্রতি সহানুভূতিশীল।”