শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলসের সম্পদের মূল্য ৭৬৩ কোটি ২৯ লাখ টাকা বেড়েছে। আগে এই সম্পদের মূল্য ছিল মাত্র ২১ কোটি ১১ লাখ টাকা। জমি ও অন্যান্য স্থাবর সম্পদের পুনর্মূল্যায়নের পর বেড়েছে কোম্পানিটির সম্পদের পরিমাণ।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির জমি ও স্থাবর সম্পদের এই পুনর্মূল্যায়নের কাজ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান এমএস মাহফিল হক অ্যান্ড কোম্পানি। পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির আর্থিক হিসাবে সম্পদের মূল্য ছিল মাত্র ২১ কোটি ১১ লাখ টাকা। তবে, পুনর্মূল্যায়ন শেষে সেই সম্পদের বাজারমূল্য নির্ধারিত হয়েছে ৭৮৪ কোটি ৪০ লাখ টাকা।
সম্পদ পুনর্মূল্যায়নের পর গতকাল ২৯ জুন তা অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
শ্যামপুর সুগার শেয়ারবাজারে ১৯৯৬ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।








