বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসার আবেদন জমা দিতে নতুন নিয়ম চালু করা হয়েছে। টাইম-স্লটের ভিত্তিতে নতুন পদ্ধতি চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার থেকে নতুন এ পদ্ধতি চালু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানিয়েছে। এতে বলা হয়, প্রতিটি আইভ্যাকের দৈনিক সাক্ষাতের সক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেমের মাধ্যমে ক্রমানুসারে ও স্বয়ংক্রিয়ভাবে টাইম-স্লট বরাদ্দ দেওয়া হবে। এতে আরও বলা হয়, আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে ম্যানুয়ালি বা নিজে থেকে কোনো টাইম-স্লট বেছে নেওয়ার প্রয়োজন হবে না। আইভ্যাক জানিয়েছে, ভিসা আবেদন যেন সুশৃঙ্খলভাবে ও সময়মতো জমা দেওয়া যায়, সেজন্য আবেদনকারীদের তাদের সাক্ষাৎ নিশ্চিতের কপিতে উল্লেখ করা টাইম-স্লট অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।








