গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ শনিবার ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

কারখানা সূত্রে জানা যায়, আজ সকালে কারখানাটির প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর কারখানার বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা বমি ও জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানার ভেতর অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কারখানা সূত্র আরও জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যাও বাড়তে থাকে। পরে তাদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া শুরু হয়। দুপুরে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কয়েকজন শ্রমিক জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর সকাল নয়টার দিকে তৃতীয় ও চতুর্থ তলার কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। শ্রমিক অসুস্থ হওয়ার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরাও অসুস্থ বোধ করতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাকি শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী অঞ্চল) লিটন শরিফ বলেন, `কারখানাটির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ শ্রমিকেরা কারখানার কোনো খাবার ও পানি পান করেননি। কারখানা কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছেন। কারখানা ও তার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।