টঙ্গীতে পুকুরে ডুবে জাহিদ দেওয়ান আদর (১৯) নামে যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে স্থানীয় গাজীপুরা কাজী বাড়ি এলাকায় গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জাহিদ দেওয়ান আদর টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার খোরশেদ আলম পিন্টুর ছেলে। সে স্থানীয় একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে কর্মরত ছিল। পুলিশ জানায়, বিকালে বৃষ্টিতে ভিজে ওই পুকুরে গোসল করতে নামে আদরসহ কয়েকজন যুবক। এ সময় তারা সাঁতরে পুকুরের গভীর অংশে চলে যায়। একপর্যায়ে বাকিরা ফিরে এলেও মাঝ পুকুরে তলিয়ে যায় জাহিদ দেওয়ান আদর।








