বিষাদ যখন মৃত্যুর মুখ ছুঁয়ে ভালোবাসা হয়ে ওঠে
আর ঝুলন্ত সাঁকোর ওপারে মরুভূমির উটের পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকো তুমি
পাতা ঝরার এই মরশুমে
কীভাবে পৌঁছুতে পারব, জানি না
শুধু জানি, তুমিই আমার অন্তিম বিষের বাঁশি প্রাণভোমরা, গন্তব্যের স্বপ্নভূমি
বালুঘর ধুয়ে ধুয়ে মুছে যায়
মহাজাগতিক, তবু আমরা স্বপ্ন বুনতে ভুলি না
শিকড় ছিঁড়ে ছিঁড়ে যায়, অকালপতনে
চুম্বনের থেকেও বড় শুশ্রূষা
কিছু আছে বলে আর জানি না
অন্ধ গতি, বন্ধ নিয়তি
এই যে শান্ত শীতল শরীর ফুলে ফুলে ঢেকে যায়
সেও তো একদিন পোকায় কিলবিল, খাদ্য হবে বলে
এই রক্ত-মাংস-হাড় ক্ষয়ে ক্ষয়ে মাটি হয়ে যাওয়ার আগে
কণ্টকাকীর্ণ পথ হাঁটি
চলো, মাটির মানুষ হয়ে উঠি
যেমনটি ছিলে তুমি আমার, আমি তোমার
বুকে বুক পেতে ভালোবাসার বীজ বুনে যাই
তারা ঝরা রাতে
বিষাদ যখন মৃত্যুর মুখ ছুঁয়ে ভালোবাসা হয়ে ওঠে
বৃষ্টি পতনে, অতলান্ত জীবনের শব্দ শুনতে পাই