চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই তারার মেলা। কিন্তু এ বছর নির্বাচনে তেমন তারকাপ্রার্থী দেখা গেল না। এমনকি কম ছিলেন তারকা ভোটারও! কিন্তু কেন? ভোট দিতে এসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিলেন অভিনেতা অনন্ত জলিল।
আজ (৩ জুলাই) শুক্রবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিকেলে ভোট দিতে এসে অনন্ত মন্তব্য করেন, মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে। তারকাপ্রার্থী কেন কম? জবাবে অনন্ত বলেন, ‘অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনও কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘তায়েব ভাই নিবেদিত প্রাণ, জয়, শিবা শানু সাহেব, আরমান ভাই, চুন্নু ভাই, ওনারা তো সব সময় এফডিসির জন্য কাজ করেন। তারা এফডিসি নিয়ে সবসময় কাজ করেন, তারাই নির্বাচনে দাঁড়িয়েছেন। যারাই জিতুক না কেন, তারা এফডিসি নিয়ে কাজ শুরু করুক।’
নিয়মিত কাজ করছেন, কিন্তু ভোট দিতে আসেননি। এসব নিয়ে সমিতির কোনো উদ্যোগ নেই কেন? জানতে চাইলে অনন্ত বলেন, ‘যারা ভোটার, তারা যদি রিনুয়াল না করেন, তাহলে ভোট দিতে পারবেন কীভাবে?’
বর্তমানে ‘দ্য আপাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ নামে দুটো সিনেমা নির্মাণাধীন রয়েছে অনন্তর। হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করে স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়।
এমআই/আরএমডি








