একষট্টি বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী অন্য কেউ নন, প্রেমিকা গৌরি স্প্র্যাট। রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

বুধবার (১ জুলাই) ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’ সিরিজের প্রচার অনুষ্ঠানে বড় ছেলে জুনাইদ খানকে নিয়ে উপস্থিত হন আমির খান। বিয়ে নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ‘দঙ্গল’ তারকা। বাবা আমির যখন নিজের বিয়ে নিয়ে কথা বলছেন, তখন জুনাইদকে মুচকি মুচকি হাসতে দেখা যায়। ছেলেকে পাশে দাঁড় করিয়ে বিয়ের বিস্তারিত তথ্য জানান এই তারকা। 

আমির খান বলেন, “৫ জুলাই (রবিবার) আমাদের বিয়ে। এটি খুবই ঘরোয়া আয়োজন, আমাদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে। দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ। দুই পরিবারের সদস্য, খুব কাছের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। আমরা অনুষ্ঠানটি ছোট পরিসরেই রাখতে চেয়েছি এবং পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদযাপন করব।” 

সবার কাছে দোয়া চেয়ে আমির খান বলেন, “সকলের আশীর্বাদ ও প্রার্থনা চাই। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে থাকতে পারি এবং সামনে সুন্দর একটি পথচলা উপভোগ করতে পারি।” 

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। গত মাসে বিয়ের সিদ্ধান্তের কথা জানান আমির খান।  

এর আগে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।” 

আমির এখন সুখের সময় পার করছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমি এখন অনেক শান্তিতে আছি। গৌরি এবং আমি পরস্পরের প্রতি খুবই আন্তরিক, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। হৃদয় থেকে আমি গৌরির সঙ্গে বিবাহিত বলে মনে করি। তাই এই একসঙ্গে থাকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়াটা আমাদের অংশীদারিত্বের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে হচ্ছে।” 

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। গৌরির আরেক পরিচয় তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা ফিলিপ স্প্র্যাটের নাতনি। গত শতাব্দীর বিশের দশকে ভারতে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফিলিপ। 

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।

*ইন্ডিয়া টুডে অবলম্বনে