সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের অনেক গানে মুগ্ধ হয়েছেন সংগীতপ্রেমীরা। কোক স্টুডিও বাংলা যাত্রা শুরুর পরও বেশ কিছু গান উপহার দিয়ে দর্শকদের মাত করেছেন। কিন্তু কোক স্টুডিওর চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ প্রকাশের পর তোপের মুখে পড়েছেন এই শিল্পী।   

বর্ষা ঋতুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মেঘ’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। গানটির সংগীতায়োজন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার উপস্থাপন নিয়ে ব্যাপক চর্চা চলছে। 

সুনিধি নায়েক

এ পরিস্থিতিতে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের পাশে দাঁড়ালেন তার স্ত্রী সংগীতশিল্পী সুনিধি নায়েক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। সুনিধি নায়েক বলেন, “শিল্পীও একজন মানুষ। তার প্রতিটি সৃষ্টি যে সবার ভালো লাগবে, এমন কোনো নিয়ম নেই। কিছু গান হৃদয়ে গেঁথে যায়, কিছু গান হয়তো ছুঁয়ে যেতে পারে না। এটাই শিল্পের স্বাভাবিক নিয়তি। তাই কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।” 

অর্ণবের কিছু গানের উদাহরণ টেনে সুনিঠি নায়েক বলেন, “আজ যাকে নিয়ে এত কথা, তিনিই তো আমাদের দিয়েছেন—মাঝে মাঝে, নয়নো তোমারে, আধেকো ঘুমে, ফাগুন হাওয়ায় হাওয়ায়, কান পেতে রই, মেঘ বলেছে যাব, প্রচণ্ড গর্জনে, পুরানো সেই দিনের কথা—এমন অগণিত গান, যা আমাদের জীবনের কত শত মুহূর্তের সঙ্গী। সব নাম বলতে গেলে তালিকা শেষ হবে না।” 

অর্ণবের সঙ্গে সুনিধি

সফলতা ও ব্যর্থতা মিলেই একজন শিল্পীর জীবন বলে মনে করেন সুনিধি। তার ভাষায়—“হ্যাঁ, তার সব গান সমান ভালো হয়নি। হবেও না। কারণ তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পী কখনই শুধু তার সেরা কাজ দিয়ে বেঁচে থাকেন না; তার ব্যর্থতাগুলোও তার যাত্রারই অংশ। কিন্তু আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য তাকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না। তারপর একদিন, যখন তিনি নীরব হয়ে যাবেন, যখন নতুন গান আর আসবে না, তখন আবার আমরাই দীর্ঘশ্বাস ফেলে বলব—‘শিল্পীটা হারিয়ে গেল কেন?’ হারিয়ে যায় না শিল্পীরা। আমরা আমাদের নির্মমতা দিয়ে তাদের হারিয়ে দিই।” 

সুনিধি নায়েক

সমালোচনাকে উৎসাহিত করে সুনিধি নায়েক বলেন, “সমালোচনা করুন, কিন্তু সম্মানটুকু অটুট রাখুন। কারণ একজন শিল্পী কোনো দেবতা নন—তিনি আমাদেরই মতো একজন মানুষ, যারও অনুভূতি আছে, কষ্ট আছে, আর আছে ভালোবাসা দিয়ে সৃষ্টি করে যাওয়ার স্বপ্ন।”