বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। নায়িকা হিসেবে শুরু করেছিলেন অভিনয় জীবন। বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন অনন্য একজন শিল্পী হিসেবে। বর্তমানে অভিনয়ে আর নিয়মিত নন। নানামুখী রোগে আক্রান্ত হয়ে ঘরেই কাটে তার দিন।

তবে এখনো চলচ্চিত্রকে ভালোবাসেন, অভিনয়কে লালন করেন মন থেকে। তাই কোনো উপলক্ষ হলেই ছুটে আসেন প্রিয় আঙ্গিনা এফডিসিতে।

আরও পড়ুন

শিল্পী সমিতির নির্বাচন / ভোটকেন্দ্রে তালা মেরে অনিয়মের অভিযোগে হট্টগোল

আজ শুক্রবার, ৩ জুলাই তার দেখা মিললো উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির নির্বাচনে। ভোট দিতে এসে নিজের প্রত্যাশার পাশাপাশি শিল্পীদের কাজের সুযোগ নিয়েও কথা বলেছেন তিনি।

তিনি বলেন, ‌‘০আমি একজন শিল্পী হিসেবে এখানে ভোট দিতে এসেছি। আমাদের সংগঠনের স্বার্থে এসেছি। আমরা চাই যোগ্য মানুষরা নির্বাচিত হোক। সংগঠনের উন্নতি হয় এবং শিল্পীদেরও উন্নয়ন ঘটে এমন নেতৃত্ব আসুক।’

শিল্পীদের অবমূল্যায়নের প্রসঙ্গ তুলে কল্পনা বলেন, ‘আসলে আমরা যারা শিল্পী, আমাদের অনেক সময় অবমূল্যায়ন করা হয়। মনে করা হয় আমাদের শারীরিক বা মানসিক সক্ষমতা নেই। কিন্তু বাস্তবতা তা নয়। আমি যদি ঘরে বসে স্বাভাবিকভাবে কথা বলতে পারি, তাহলে আমি কেন সংলাপ দিতে পারব না? আমি যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি, তাহলে অভিনয় করতে পারব না-এমনটা কীভাবে বলা যায়?’

আরও পড়ুন

শিল্পী সমিতির নির্বাচনে নামাজের বিরতি, ভোট পড়েছে ১৮ শতাংশ

তিনি আরও বলেন, ‘আসলে আমাদেরকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। আমরা অভিনয় করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই।’

উল্লেখ্য, খালেদা আক্তার কল্পনা সর্বশেষ পরিচালক মুন্না খানের ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন।

 

এমআই/এলআইএ