উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন। ভোট দিতে এসে দেশের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, “বর্তমান সময়ে শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।”
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে শহীদুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। এই মুহূর্তে ভোটারের উপস্থিতি কিছুটা কম। তবে জুমার নামাজের পর আরো বেশি ভোটার কেন্দ্রে আসবেন বলে আশা করছি।”
নেতৃত্ব প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, “আমাদের চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই সময়ে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”
নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা ব্যক্ত করে শহীদুজ্জামান সেলিম বলেন, “আগের কমিটিও শিল্পীদের জন্য বিভিন্নভাবে কাজ করেছে। আশা করছি, নতুন নেতৃত্ব আরো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। বিশেষ করে সরকারের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সংকটাপন্ন শিল্পীদের পাশে দাঁড়াবে, তাদের কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ নেবে এবং চলচ্চিত্র শিল্পকে আরো এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।”
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন বিএফডিসি প্রাঙ্গণে আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে এক ঘণ্টার জন্য জুমার নামাজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা শানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।








