চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট প্রদান শেষে অভিনেতা বড়দা মিঠু বলেন, বর্তমান সময়ে শুধু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলে হবে না, চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, "শুধু নির্বাচন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে হবে, ভালো গল্পের সিনেমা নির্মাণ করতে হবে এবং শিল্পীদের নিয়মিত কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। শিল্পীরা যেন কাজের অভাবে বসে না থাকেন, সেই পরিবেশ তৈরি করা জরুরি।"
বড়দা মিঠু আরও বলেন, "এফডিসি একসময় ছিল দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র। আমরা চাই আবার সেই কর্মচাঞ্চল্য ফিরে আসুক। নতুন নতুন সিনেমার শুটিং হোক,
নির্মাতা-প্রযোজকরা বিনিয়োগে উৎসাহ পান এবং শিল্পী, কলাকুশলী ও প্রযুক্তিবিদরা নিয়মিত কাজের সুযোগ পান।"
তিনি বলেন, "শিল্পী সমিতির নেতৃত্বে যারা আসবেন, তারা যেন শুধু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকেন। শিল্পীদের কল্যাণ, চিকিৎসা, সংকটের সময় পাশে দাঁড়ানো এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হওয়া উচিত তাদের প্রধান লক্ষ্য।"
সবশেষে তিনি বলেন, "চলচ্চিত্র শিল্প বাঁচলে শিল্পীরা বাঁচবেন। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে চলচ্চিত্রের স্বার্থে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমাদের চলচ্চিত্র আবার তার হারানো গৌরব ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।"
এমআই/জেআইএম








