বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত পরিবেশকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর বলে মন্তব্য করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। এই মুহূর্তে ভোটারের উপস্থিতি কিছুটা কম। তবে জুম্মার নামাজের পর আরও বেশি ভোটার কেন্দ্রে আসবেন বলে আশা করছি।’

শিল্পী সমিতির নেতৃত্ব প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এই মুহূর্তে শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব খুবই প্রয়োজন। আমাদের চলচ্চিত্র শিল্প আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই সময়ে এমন একটি নেতৃত্ব দরকার, যারা শিল্পীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’

আরও পড়ুন

‘আমি যাদের ভোট দেই, তারা জয়ী হয়’

তিনি আরও বলেন, ‘আগের কমিটিও শিল্পীদের জন্য বিভিন্নভাবে কাজ করেছে। আমি আশা করছি, নতুন যারা দায়িত্বে আসবেন, তারা আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। বিশেষ করে সরকারের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সংকটাপন্ন শিল্পীদের পাশে দাঁড়াবেন, তাদের কল্যাণে বাস্তবধর্মী উদ্যোগ নেবেন এবং চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবেন।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট কাউন্ট শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বেলা ১টা থেকে থাকবে এক ঘণ্টা নামাজের বিরতি।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

শিল্পী সমিতির নির্বাচনে প্রথম ভোট দিলেন এজাজুল ইসলাম

অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয়
চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।

এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।

 

এমআই/এলআইএ