স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “বিএনপি সরকার ব্যর্থ হলে এই দেশে কেউ বাস করতে পারবে না। এর চাইতে নিষ্ঠাবান সরকার ও নিষ্ঠাবান প্রধানমন্ত্রী (তারেক রহমান) বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, আর ছিলও না।”
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের পরে এবারের প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করতে না পারি; মনে রাখবেন- আমরা শেষ হবো না, আপনারা শেষ হবেন। কারণ সবার আমলনামা সবাই জানে। তিনি চিকিৎসকদের অনুরোধ করে বলেন, দেশটাকে আপনারা ধ্বংস করবেন না। সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য দান করি; দেশটা উঠে যাবে।
তিনি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, লক্ষ লক্ষ ছেলেমেয়ে আমাদের বিদেশে। তারা যদি টাকা না পাঠাতো দেশের রিজার্ভ শূন্য হয়ে যেতো। কেউ খেতে পারতেন না, চাকরির বেতনও পেতেন না। কাজেই সুঠাম সুন্দর মানুষ আমাদের তৈরি করতে হবে। তরুণ প্রজন্ম আমাদের তৈরি করতে হবে। বিশ্বে ছড়িয়ে পড়বে আমরা বাংলাদেশী।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। পরিদর্শনের সময় হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ড, ফার্মেসিসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন মন্ত্রী। রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং মজুত থাকা ওষুধের মান ও সরবরাহ ব্যবস্থাও পরীক্ষা করেন। হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের আশেপাশে থাকা দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও অফিস সময়ে ক্লিনিকে চিকিৎসা দেওয়ায় দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।








