ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় পুরান ঢাকার এক নারী উদ্যোক্তার নতুন উদ্যোগের পাশে দাঁড়ালেন। 

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ওয়ারীতে নারীদের ফ্যাশন ব্র্যান্ড ‘ইসা’স লাক্সারী’-এর নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিশা সওদাগর। ফিতা কেটে উদ্বোধনের পর অতিথিদের নিয়ে পুরো শোরুম পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, “দেশের তরুণ উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আমি সবসময় তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে চাই। মানসম্মত পণ্য, সৎ ব্যবসায়িক মনোভাব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে একটি প্রতিষ্ঠান খুব অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে পারে। আশা করি, ‘ইসা’স লাক্সারী’ ও গ্রাহকদের সেই আস্থা অর্জনে সক্ষম হবে।” 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইশা হোসেন বলেন, “নারীদের জন্য আধুনিক, ট্রেন্ডি ও মানসম্মত পোশাক এবং জুতার সমৃদ্ধ সংগ্রহ এক ছাদের নিচে নিয়ে আসাই তাদের লক্ষ্য। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে বিভিন্ন ধরনের থ্রি-পিস, টু-পিস, গাউন, কুর্তি, আবায়া, পার্টি ও ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি নানা ধরনের জুতাও শোরুমে পাওয়া যাবে।” 

আশা ব্যক্ত করে ইশা হোসেন বলেন, “উন্নত গ্রাহকসেবা ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়েই ‘ইসা’স লাক্সারী’র যাত্রা শুরু হয়েছে। আশা করি, ক্রেতাদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য ফ্যাশন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হবে।”