বাষট্টি বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার হবু স্ত্রী অন্য কেউ নন, দীর্ঘ দিনের বন্ধু, প্রেমিকা গৌরি স্প্র্যাট। তবে জাঁকজমকপূর্ণ নয়, ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিয়ের অতিথি কারা? মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে বসবে আমির-গৌরির বিয়ের আসর। বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে বাড়িটি। ঘরোয়া এই আয়োজনে সর্বোচ্চ ১৫০ জন অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। বর-কনের কিছু আত্মীয়-স্বজন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকে ভারতে ফিরবেন। আমিরের তিন সন্তান—জুনাইদ খান, ইরা খান ও আজাদ রাও খানও বিয়েতে উপস্থিত থাকবেন। গৌরির আগের সংসারে ৬ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে, তারও বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে। কেবল তাই নয়, আমির খানের প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও বিয়েতে উপস্থিত থাকবেন। আমির-গৌরির পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী বিয়েতে যোগ দেবেন। জানা যায়, ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতাদের মধ্যে  বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি। 

কোন রীতিতে বিয়ে? আমির খান ও গৌরি স্প্র্যাট—দুজন দুই ধর্মের অনুসারী। তাদের বিয়ে হবে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে। অর্থাৎ, ধর্মীয় আচার-অনুষ্ঠানের বদলে আইনি পদ্ধতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। এর আগে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।” 

বিয়ের খাবারের মেন্যু কী? অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেন্যু—সবকিছুই নিজেরা ঠিক করেছেন আমির ও গৌরি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ। আমির ও গৌরি দুজনেই নিজেদের প্রিয় খাবারগুলো মেন্যুতে রাখার পরিকল্পনা করেছেন। শুধু তা–ই নয়, খাবার তৈরির প্রস্তুতিও তারা তদারকি করছেন। 

গৌরি-আমিরের বয়সের ব্যববধান ১৯৬৫ সালের ১৪ মার্চ তৎকালীন বোম্বেতে (মুম্বাই) তাহির হোসেন-জিনাত হোসেন দম্পতির ঘর আলো করে জন্ম নেন আমির খান। গত ১৪ মার্চ একষট্টি পূর্ণ করে বাষট্টিতে পা দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। অন্যদিকে, ১৯৭৮ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন গৌরি স্প্রাট। তার বয়স এখন ৪৭ বছর ১১ মাস। আমির খানের চেয়ে প্রায় ১৪ বছরের ছোট গৌরি। 

গৌরিকে কতটা জানেন? ২০২৫ সালে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। দুই বছর প্রেম করে গত মাসে বিয়ের সিদ্ধান্তের কথা জানান আমির খান। আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। গৌরির আরেক পরিচয় তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা ফিলিপ স্প্র্যাটের নাতনি। গত শতাব্দীর বিশের দশকে ভারতে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফিলিপ।  

আমিরের যত বিয়ে ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। তবে রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।

*ইন্ডিয়া টুডে, এনডিটিভি, সিয়াসাত, ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে