বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একসময় স্বীকার করেছিলেন, অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে তিনি বেশ ভয় পান। তবে সেই ভয় কোনো ব্যক্তিগত বিরোধ বা মনোমালিন্যের কারণে নয়। বরং ক্যাটরিনার কঠোর ফিটনেস রুটিন ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের জন্য।

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র এক পর্বে আদিত্য রায় কাপুরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন পরিণীতি। সেখানেই উপস্থাপক করণ জোহর জানতে চান, কেন তিনি ক্যাটরিনাকে এত ভয় পান।

জবাবে পরিণীতি হাসতে হাসতে বলেন, ফিটনেসের ব্যাপারে ক্যাটরিনা এতটাই সিরিয়াস যে তাকে দেখলে স্কুলের কঠোর শিক্ষিকার কথা মনে পড়ে।

আরও পড়ুন

শাহরুখের নতুন সাফল্য, যুক্তরাষ্ট্রে কিনলেন আন্তর্জাতিক স্টেডিয়াম

এরপর একটি মজার অভিজ্ঞতার কথাও শোনান তিনি। পরিণীতির ভাষ্য, একদিন জিমে সাইক্লিং করছিলেন তিনি। এমন সময় সেখানে হাজির হন ক্যাটরিনা কাইফ। তাকে দেখেই আরও দ্রুত সাইকেল চালাতে শুরু করেন পরিণীতি।

তার ভাষায়, ‘ক্যাটরিনা এসে আমাকে জিজ্ঞেস করল, কী করছ? কতক্ষণ ধরে করছ? আমি বললাম, ২০ মিনিট। তখন সে বলল, আরও পাঁচ মিনিট করো। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ক্যাটরিনা সামনে এলে আমি সত্যিই একটু ঘাবড়ে যাই।’

তবে ভয় পেলেও ক্যাটরিনার প্রতি তার শ্রদ্ধার কোনো কমতি নেই বলে জানান পরিণীতি। ওজন কমানোর সময় ক্যাটরিনাই ছিলেন তার অন্যতম অনুপ্রেরণা। ট্রেডমিলে ব্যায়াম করার সময় প্রায়ই ক্যাটরিনার গানের ভিডিও দেখতেন তিনি। কারণ, ক্যাটরিনার মতো ফিট ও ছিপছিপে গড়নই ছিল তার লক্ষ্য।

আরও পড়ুন

এবার জাপান জয়ের মিশনে রণবীরের ‘ধুরন্ধর’

পরিণীতি আরও জানান, ফিটনেস বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হলে তিনি ক্যাটরিনাকে বার্তা পাঠাতেন। ব্যস্ততার মধ্যেও ক্যাটরিনা সময় নিয়ে তার প্রশ্নের উত্তর দিতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘ড্রিম টিম ট্যুর’-এ ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও পরিণীতি চোপড়ার মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ওই সফরেও দলের সদস্যদের ডায়েট ও শরীরচর্চার বিষয়ে কড়া নজর রাখতেন ক্যাটরিনা।

একই অনুষ্ঠানে উপস্থিত আদিত্য রায় কাপুরও পরিণীতির কথার সঙ্গে একমত প্রকাশ করেন। তার ভাষায়, ফিটনেসের বিষয়ে ক্যাটরিনা কখনো কখনো এতটাই গম্ভীর হয়ে ওঠেন যে, অনেকেই তাকে দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করেন।

এমএমএফ/এএসএম