জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো কাঠামো বাদ দিয়ে নতুন ফর্মুলা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায় সরকারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অতীতে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই সুযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যবস্থা বাতিল করে দেন এবং পরবর্তী ১৭ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম করেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতেও সীমাবদ্ধতা রয়েছে। কারণ, এই ব্যবস্থায় সাবেক বিচারপতিরা সরকারপ্রধান হওয়ার সুযোগ পান। তাই এ কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন একটি ফর্মুলা প্রণয়ন করতে হবে, যার উল্লেখ জুলাই সনদে রয়েছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা সমর্থন করলেও নতুন ফর্মুলা বাস্তবায়নে আগ্রহী নয়।
আখতার হোসেন আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল—যেখানে প্রশাসন হবে নিরপেক্ষ, ঘুস ছাড়া চাকরি পাওয়া যাবে এবং মেধার মূল্যায়ন নিশ্চিত হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি বলেন, আমরা দুটি ভোট দিয়েছি—একটি সরকার গঠনের জন্য, অন্যটি গণভোটে। সরকার গঠনের ভোট কার্যকর করা হলেও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হচ্ছে না। গণভোটের রায় আংশিক নয়, শতভাগ বাস্তবায়ন করতে হবে।
এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়রপ্রার্থী শিহাব হোসেন।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/কেএইচকে








