কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পা পিছলে পড়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া শিয়াল্লাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের সদর বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. উল্লাহ জানান, ভারী বৃষ্টির সময় পাহাড়ের ওপর থেকে পা পিছলে হাতিটি নিচে পড়ে যায়। এতে হাতিটির পেছনের দুই পা অচল হয়ে পড়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। শান্ত স্বভাবের হাতিটিকে আগে প্রায়ই ওই এলাকায় দেখা যেত।
টেকনাফ বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আহত হাতিটির পেছনের দুই পা নড়াচড়া করছে না। এছাড়া পেটের অংশে দুটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলেই চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মো. অনীক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, বন বিভাগের তথ্য অনুযায়ী, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। দুর্গম ও সংকীর্ণ স্থান হওয়ায় হাতিটিকে সরানো সম্ভব হচ্ছে না। তাই ঘটনাস্থলেই পলিথিনের অস্থায়ী ছাউনি তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো বলেন, দুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিমকে হাতিটির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে।








