জেলাজুড়ে দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয় ও দিনমজুর শ্রেণির খেটে খাওয়া মানুষ।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে রাজবাড়ী জেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাস্তায় মানুষের আনাগোনা অনেকটাই কম। বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
এতে শহরের রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং হকারদের আয় একপ্রকার বন্ধের উপক্রম হয়েছে। একই অবস্থা শহরের বিভিন্ন কাঁচাবাজার ও ফুটপাতের ব্যবসায়ীদেরও। ক্রেতার সমাগম কম থাকায় অনেকেই পড়ছেন লোকসানের মুখে।
এদিকে বৃষ্টির প্রভাব পড়েছে গ্রামীণ জনপদেও। মাঠে কৃষকদের কাজ ব্যাহত হচ্ছে, বিশেষ করে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।
রিকশাচালক আজাদ মোল্লা বলেন, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কম। আশানুরূপ ভাড়া পাচ্ছি না। তাছাড়া বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিকশা চালানো খুব কষ্ট হয়। দিনশেষে যে আয় হচ্ছে, তা দিয়ে চাল-ডাল কেনাই কঠিন হয়ে পড়েছে।
নাজিমউদ্দিন নামে এক পথচারী বলেন, বৃষ্টি এভাবে চলতে থাকলে খেটে খাওয়া মানুষের খুব সমস্যা হবে। দ্রব্যমূল্যের যে দাম, সে হিসেবে আয় না থাকলে তাদের না খেয়ে থাকতে হবে। সরকারের উচিত তালিকা করে দ্রুত এসব পরিবারের পাশে দাঁড়ানো।
ফল ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে ক্রেতা কম। আর ফল তো পচনশীল, বেশিদিন রাখা যায় না। যার কারণে লোকসান হচ্ছে।
রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আরিফুল হক বলেন, এ বিষয়ে দুই-একদিনের মধ্যে সভা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কেউ ত্রাণ সহায়তার জন্য আবেদন করলে যাচাই-বাছাই সাপেক্ষে বরাদ্দ অনুযায়ী সহযোগিতা করার সুযোগ রয়েছে।
এসজেডএইচ/এসআর








