সন্তানদের মুখে হাসি ফোটাতে আর তাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন চাঁদপুরের এক সৌদি প্রবাসী।তার এই ব্যতিক্রমী আগমনে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।শনিবার (১১ জুলাই) সকালে সৌদি আরব থেকে প্রথমে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফেরেন।ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জামালকান্দি গ্রামে। হেলিকপ্টারে বাড়ি ফেরা প্রবাসী একই গ্রামের মো. শফিকুল ইসলাম প্রধান।শনিবার সকালে হেলিকপ্টার নিয়ে তিনি জামালকান্দি খেলার মাঠে অবতরণ করেন তিনি। খবরটি ছড়িয়ে পড়লে দক্ষিণ ইসলামাবাদ, টরকী, হাতিকাটা টরকীসহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ মাঠে ভিড় করেন।প্রিয়জনকে একনজর দেখতে ও হেলিকপ্টার কাছ থেকে দেখার সুযোগ নিতে মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে শফিকুল ইসলাম প্রধান সৌদি আরবে কর্মরত রয়েছেন। দীর্ঘ প্রবাস জীবনের পাশাপাশি তিনি গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিয়মিত সহযোগিতা করে আসছেন।শফিকুল ইসলাম প্রধান বলেন, আমার সন্তানদের অনেক দিনের ইচ্ছা ছিল আমি হেলিকপ্টারে করে বাড়ি ফিরি। আল্লাহর রহমতে আজ তাদের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। পরিবারের আনন্দই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবার কাছে দোয়া চাই।শফিকুল ইসলামের কন্যা পলি বেগম বলেন, বাবাকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরতে দেখার স্বপ্ন আমার অনেক দিনের ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবার প্রতি আমি অনেক গর্বিত।স্থানীয়রা জানান, সন্তানদের প্রতি ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ এলাকায় বিরল ঘটনা। একজন প্রবাসী বাবার এই উদ্যোগ শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো এলাকার মানুষের কাছেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।