বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় মো. শাকিল (২৫) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার বিকেলের দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পন্ডিতের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, শনিবার বিকেলে উপজেলার জালিরচর গ্রামে পন্ডিত বাড়ির সামনে পুরাতন কাচারী ঘরে বসে লুডু খেলছিলেন শাকিল ও সাইফুল।

খেলার একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পথচারীরা আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার বললেন, নিহত শাকিল ও সাইফুল দুই জনে একসঙ্গে চলাফেরা করতেন। তারা দুজনেই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শনিবার একসঙ্গে লুডু খেলতে গিয়ে কথা-কাটাকাটির জেরে সাইফুল শাকিলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। উদ্ধার করে প্রথমে স্থানীয় ফার্মেসিতে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক সংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাঁর।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।