যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য বাইবেলের গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ লাখ সরকারি স্কুল শিক্ষার্থীকে এখন থেকে বাধ্যতামূলক বাইবেল পড়তে হবে। তবে এই পদক্ষেপের পর দেশটির চার্চ ও রাষ্ট্রের বিভাজনের নীতি এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে টেক্সাসের অনেক শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন।

রিপাবলিকান নিয়ন্ত্রিত টেক্সাস স্টেট বোর্ড অব এডুকেশন ৯-৫ ভোটে এই নতুন শিক্ষাক্রম অনুমোদন করেছে। এই নিয়মের অধীনে ২০৩০ সাল থেকে শিক্ষার্থীদের জন্য বাইবেলের আদম ও ইভ এবং ওল্ড টেস্টামেন্টের বুক অব এক্সোডাস থেকে বিভিন্ন অংশ পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া নিউ টেস্টামেন্ট থেকে যিশুখ্রিষ্টের জীবন এবং প্রডিগাল সানের রূপক গল্পও শিক্ষার্থীদের পড়তে হবে। বোর্ডের রিপাবলিকান সদস্য ব্র্যান্ডন হল এই সিদ্ধান্তের পর সন্তোষ প্রকাশ করে বলেছেন, বিগত ৬০ বছরের মধ্যে এই প্রথম তারা স্কুলে বাইবেলকে ফিরিয়ে নিয়ে আসছেন। অনেকের দাবি, আমেরিকার ভিত্তি গড়ে ওঠার পেছনে জুডিও-খ্রিষ্টান ঐতিহ্যের বড় ভূমিকা ছিল, তাই শিশুদের এটি জানা উচিত।

টেক্সাস শিক্ষা বোর্ড এবারই প্রথম একটি নির্দিষ্ট বইয়ের তালিকা তৈরি করেছে, যা রাজ্যের সব শিক্ষার্থীকে অবশ্যই পড়তে হবে। এই তালিকায় ধর্মীয় টেক্সটের পাশাপাশি ইংরেজি সাহিত্যের বেশ কিছু কালজয়ী সৃষ্টি যেমন উইলিয়াম শেক্‌সপিয়ারের দ্য ট্র্যাজেডি অব জুলিয়াস সিজার এবং চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেক্টেশনস যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ড. মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত আই হ্যাভ বিন টু দ্য মাউন্টেন টপ ভাষণ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের প্রয়াণে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের দেওয়া শোকবার্তাও এই তালিকায় স্থান পেয়েছে।

তবে শিক্ষা ও নাগরিক অধিকার সংগঠনগুলো এই বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষার তীব্র বিরোধিতা করেছে। বামপন্থী অ্যাকটিভিস্ট গ্রুপ টেক্সাস ফ্রিডম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ফেলিসিয়া মার্টিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই পাঠ্য তালিকা অন্য সব ধর্ম ও ঐতিহ্যকে বাদ দিয়ে কেবল খ্রিষ্টধর্মকে সবার ওপরে স্থান দিচ্ছে।

তিনি বিবিসিকে বলেন, ‘এটি একটি চরম পাশ্চাত্য-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, যা কৃষ্ণাঙ্গ ও অন্যান্য আদিবাসীদের ইতিহাস এবং অবদানকে সম্পূর্ণ এড়িয়ে গেছে।’

অন্যদিকে ক্লাসরুমে শিক্ষকদের নিজস্ব স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে টেক্সাস ক্লাসরুম টিচার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রতিনিধি ক্লেয়ার হেফনার জানিয়েছেন, শিক্ষাক্রমের এই দীর্ঘ তালিকা নিয়ে শিক্ষকেরা চিন্তিত। কারণ এর ফলে ক্লাসরুমে কোন বিষয়টি প্রাসঙ্গিক বা উপযুক্ত তা নির্ধারণে শিক্ষকদের যে নিজস্ব স্বাধীনতা থাকে, তা নষ্ট হবে।

টেক্সাসের শিক্ষা ব্যবস্থায় খ্রিষ্টান মূল্যবোধ জোরদার করার জন্য রক্ষণশীলদের এটিই প্রথম পদক্ষেপ নয়। এর আগে গত বছর টেক্সাস প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে প্রতিটি ক্লাসরুমে বাধ্যতামূলক বাইবেলের টেন কমান্ডমেন্টস প্রদর্শনের আইন পাস করেছিল, যা আইনি চ্যালেঞ্জের মুখে পড়লেও পরবর্তীতে ফেডারেল আপিল আদালত বহাল রাখেন।

এদিকে আইন পাসের পর একই দিনে ওয়াশিংটন ডিসিতে এক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কৃতিত্ব নিজের বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে আবারও ধর্ম ফিরে এসেছে এবং বহু বছরের মধ্যে এবার এটি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে।’