ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতী খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মল্লিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মল্লিকা ও ঋতু সাবাজপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, উদ্ধার হওয়ার সময় চার শিক্ষার্থী সিলেট থেকে গোয়াইনঘাটে যাওয়ার অপেক্ষায় ছিল। মঙ্গলবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল।
স্থানীয়দের ধারণা, একটি মানবপাচারকারী চক্রের প্রলোভনের শিকার হয়ে তারা সিলেটে পৌঁছেছিল। চক্রটি তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে নেওয়ার পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সকালে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় সেদিন রাতেই বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে সিলেট থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।
The post ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার appeared first on ZoomBangla.







