ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে আলী যাকের অনুশীলন ও গবেষণা বৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। এমএ কোর্সের অনুশীলন ও গবেষণা কার্যক্রমে উৎসাহ দিতে এ বছর বিভাগের ১২ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় নাটমণ্ডল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতোমধ্যে এমএ প্রথম সেমিস্টারের অনুশীলন ও গবেষণাভিত্তিক কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। এমএ কোর্সের অনুশীলন ও গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পাদনে উৎসাহিত করতেই প্রতিবছর এ বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার। সভাপতিত্ব করেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহমান মৈশান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক শাহমান মৈশান বলেন, “এই বৃত্তি শিক্ষার্থীদের আরো ভালো কিছু করতে উৎসাহিত করবে। সমাজের বিত্তবান ব্যক্তিদের আরো বেশি করে এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত।”








