হলিউড তারকা টম ক্রুজ এবার আনুষ্ঠানিকভাবে টিকটকে সক্রিয় হয়েছেন। দীর্ঘদিন অ্যাকাউন্ট থাকলেও এতদিন কোনো ভিডিও পোস্ট করেননি তিনি। তবে রোববার থেকে একে একে তিনটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
টম ক্রুজের টিকটক অ্যাকাউন্ট @tomcruise ২০২১ সালের মার্চে চালু করা হয়। সে সময় তার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর অ্যাকাউন্টটি খোলা হলেও পাঁচ বছরের বেশি সময় ধরে সেখানে কোনো কনটেন্ট প্রকাশ করা হয়নি। বর্তমানে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৮ লাখ।
তবে প্রথম পোস্টগুলোতে ব্যক্তিগত কোনো ভিডিও বা বিনোদনমূলক কনটেন্ট নয়, বরং নিজের নতুন চলচ্চিত্র ‘ডিগার’ -এর প্রচারণাকেই বেছে নিয়েছেন তিনি। তিনটি ভিডিওতেই সিনেমাটির ট্রেলার তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
টিকটক-রিলসে ট্রেন্ডিং এআই ড্যান্সিং বেবি ভিডিও, যেভাবে বানাবেন
অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনিয়ারিতু পরিচালিত ‘ডিগার’ একটি ব্যঙ্গাত্মক ডার্ক কমেডি। এতে টম ক্রুজকে ‘ডিগার রকওয়েল’ নামে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে। ট্রেলারে তাকে ভারী মেকআপ ও প্রস্থেটিক্সের কারণে প্রায় চেনাই যায় না। গল্পে তিনি মানবজাতিকে সেই বিপর্যয় থেকে রক্ষার চেষ্টা করেন, যার জন্য নিজেই দায়ী। ট্রেলার অনুযায়ী, সিনেমাটির মূল প্রেক্ষাপট জলবায়ু বিপর্যয় ও পারমাণবিক সংকট।
চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ‘ডিগার’ টম ক্রুজের দীর্ঘদিনের মধ্যে অস্কার জয়ের সবচেয়ে সম্ভাবনাময় সিনেমা হতে পারে। সর্বশেষ ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ চলচ্চিত্রের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। আর ২০২৬ সালে একাডেমির সম্মানসূচক পুরস্কারে ভূষিত হন।
বিশ্লেষকদের ধারণা, নতুন সিনেমার প্রচারে এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও আরও সক্রিয় ভূমিকা পালন করবেন টম ক্রুজ। তার টিকটক যাত্রা সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।
হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা টম ক্রুজ চার দশকেরও বেশি সময় ধরে বিশ্ব চলচ্চিত্রে নিজের অবস্থান ধরে রেখেছেন। অ্যাকশন, থ্রিলার, ড্রামা ও সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
আরও পড়ুন
টিকটকে এখন আয় করা যাবে আরও বেশি
১৯৬২ সালের ৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেওয়া টম ক্রুজ ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর ‘টপ গান’, ‘রেইন ম্যান’, ‘আ ফিউ গুড মেন’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘দ্য লাস্ট সামুরাই’, ‘এজ অব টুমরো’ এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজসহ একের পর এক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করেন।
এ পর্যন্ত প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। বিপজ্জনক স্টান্ট নিজেই করার জন্য তিনি হলিউডে বিশেষভাবে পরিচিত। বিশেষ করে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে উড়ন্ত বিমান, হেলিকপ্টার, মোটরসাইকেল ও উঁচু ভবনে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।
সূত্র: ম্যাশাবল
শাহজালাল/কেএসকে






