ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফারসি বিভাগে স্থায়ী শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভাগটিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সংকট থাকায় এ নিয়োগকে অপ্রয়োজনীয় এবং বছরে অতিরিক্ত ৮ থেকে ১০ লাখ টাকা ব্যয়ের কারণ হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানা গেছে, বিভাগটির এলিমেন্টারি কোর্সে বর্তমানে নিয়মিত ক্লাস করেন মাত্র তিনজন শিক্ষার্থী। প্রি-ইন্টারমিডিয়েট ও ডিপ্লোমা কোর্সে কোনো শিক্ষার্থী নেই। সংশ্লিষ্টদের দাবি, গত প্রায় ৪০ বছর ধরেই বিভাগটি শিক্ষার্থী সংকটে ভুগছে।

বর্তমানে বিভাগটিতে দুইজন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন। তবে শিক্ষার্থী না থাকায় তাদেরও পর্যাপ্ত ক্লাস নেওয়ার সুযোগ হয় না।

সম্প্রতি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে বিভাগটির জন্য একজন স্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, একজন স্থায়ী শিক্ষকের মাসে কমপক্ষে ১৩টি ক্লাস নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথচ সংশ্লিষ্টদের দাবি, ফারসি বিভাগের একমাত্র সান্ধ্যকালীন কোর্সেও মাসে এত সংখ্যক ক্লাস হয় না। তাদের মতে, এ অবস্থায় স্থায়ী শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে জানতে চাইলে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল বলেন, “এটা মাকসুদ কামাল স্যারের আমলেরই প্রক্রিয়া। সে সময় যোগ্য কাউকে পাওয়া যায়নি বলে নেওয়া হয়নি।”

তিনি একা নন বরং যে কোন সিদ্ধান্ত সি এন্ড ডি কমিটির মেম্বারদের মতামতের ভিত্তিতেই নেওয়া হয় বলে জানান তিনি। ইনস্টিটিউটে সান্ধ্যকালীন কোর্স পড়ানো হয় এমন প্রত্যেকটি বিভাগেই অন্তত একজন করে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞপ্তির প্রয়োজনীয়তার ব্যাপারে ইনস্টিটিউট নিজেই সিদ্ধান্ত নিবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শামস উদ্দিন আহমদ।