নরসিংদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীদের মাঝে পুরনো সিলেবাসের (২০২৫ সালের) প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে দুই শিক্ষককে কেন্দ্র থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, আজ পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর ২০১ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা লক্ষ্য করেন যে, তাদের দেওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রটি পুরনো সিলেবাসের। বিষয়টি তারা তাৎক্ষণিক শিক্ষকদের জানালে পুনরায় নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। তবে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও অতিরিক্ত সময় না দেওয়ায় ফলাফল বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।এ বিষয়ে কেন্দ্র সচিব ও নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভুলবশত কিছু শিক্ষার্থীকে পুরনো সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়েছে। বিষয়টি আমাদের জন্য বিব্রতকর।"দায়িত্বে অবহেলার দায়ে নরসিংদী সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে কেন্দ্র থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, খবর পাওয়ার পরপরই তিনি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাসেদুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক জানান, তারা জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।উল্লেখ্য, এ বছর নরসিংদী জেলার ৩১টি কেন্দ্রে মোট ১৫ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজকের পরীক্ষায় জেলায় অনুপস্থিত ছিলেন ২১৪ জন শিক্ষার্থী।