জাতীয় সংসদে তিনজন মন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব মাঝপথে স্থগিত করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে তা টেবিলে উত্থাপন করা হয়। বুধবার জাতীয় সংসদে আসরের বিরতির পর অধিবেশনের শুরুতে এ কার্যক্রম স্থগিত করেন তিনি।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হয়। যেখানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রশ্নোত্তর ছিল। তবে আসরের বিরতির আগে তারা সংসদ-সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
আসরের বিরতির পর ৫টা ২৬ মিনিটের দিকে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার বলেন, এখন মন্ত্রীদের কাছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর। কিন্তু যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল তারা সংসদে উপস্থিত নেই। এ কারণে আমরা প্রশোত্তর পর্ব স্থগিত করছি। কিন্তু ফ্লোর নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেন, মন্ত্রীরা নেই বলে আপনি (ডেপুটি স্পিকার) প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত বলে ঘোষণা করেছেন। আমি আছি, আমার প্রশ্নোত্তর পর্বও আছে।







