প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানার অনুমোদন দিয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে এগুলোর অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানা হলো চট্টগ্রামের হালদা। এছাড়া নিকারের বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকা (নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ) ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) নিশ্চিত করেছেন।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ভাগ করে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা নামে নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ সমস্যা দূর করতে প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।