গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতি অভিযোগের মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। একইসঙ্গে ১ সেপ্টেম্বর চার্জ গঠনে শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
রোববার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই তারিখ ধার্য করেন। দুদক পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এ মামলায় জামিনে থাকা আসামি মোশাররফের পক্ষে চার্জ গঠনে শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত নতুন করে এ দিন ধার্য করেন।
৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫-এ পাঠানোর নির্দেশ দেন। ১৮ ফেব্রুয়ারি টিউলিপ এবং মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ওই দিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও মোশারফের বিরুদ্ধে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ এবং ক্ষমতার অপব্যবহার করে টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২-এর ফ্ল্যাট দখল নেন এবং পরে রেজিস্ট্রি করান। মামলার পর গত বছরের জুলাইয়ে খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।








