জাপানের প্রযুক্তি খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর ক্ষেত্রে স্থানীয় মানবসম্পদের সীমাবদ্ধতা উত্তরণে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এআই-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে—এমন প্রত্যয় নিয়ে বুধবার (২২ জুলাই) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নয়ন: জাপানের বাজারে মানবসম্পদের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস ব্রেইন স্টেশন ২৩ এবং ও জেট্রোর যৌথ আয়োজনে এ সেমিনারে জাপানের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উল্লেখ করেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে রয়েছে এক বিশাল তরুণ ও দক্ষ জনবল। বি-জেট প্রোগ্রাম এবং মিয়াজাকি-বাংলাদেশ মডেল ফ্রেমওয়ার্কের সফল পথ ধরে এরই মধ্যে দুই হাজারের অধিক বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ জাপানি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন।

জাপানের আইটি খাতের বর্তমান চাহিদা পূরণে বাংলাদেশের এই বিপুলসংখ্যক সম্ভাবনাময় তরুণ জনশক্তির মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য জাপানের প্রযুক্তিখাত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া জাপানি উদ্যোক্তাদের জন্য দ্বিপক্ষীয় ব্যবসা ও সহযোগিতার সুযোগ নিয়ে বিশেষ বক্তব্য দেন জেট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং সুমিতোমো করপোরেশনের ডিরেক্টর তারো কাওয়াচি।

আরও পড়ুন

এআইয়ের দাপটে ঝুঁকিতে ইলেকট্রিশিয়ান-প্লাম্বারদের চাকরি

জাপানি প্রযুক্তি বাজারের বর্তমান চাহিদা ও এর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ান টেরেসি ইনকরপোরেটেডের ব্যবস্থাপনা পরিচালক তাতসুয়া ইশিনাকা। পরবর্তীতে সেমিনারের কারিগরি সেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন ২৩  জাপানের প্রতিনিধি ইয়াসুফুমি কাজিউরা এবং রাইসুল ইসলাম।

এ সময় তারা বাস্তব কেস স্টাডি এবং এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রজেক্টের কাজের গতি, মান ও ব্যয় কমানোর সফল উদাহরণগুলো তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য দেন ব্রেইন স্টেশন ২৩ এর প্রতিনিধি কেশো চো এবং এম জে ফেরদৌস।

সেমিনার শেষে নেটওয়ার্কিং সেশনে সংশ্লিষ্ট খাতের অংশগ্রহণকারী ও জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময় করেন। জাপানে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সরকারি এক তথ্য বিবরণীতে বুধবার এ তথ্য জানানো হয়।

এমইউ/এমএমকে