শেরপুরের ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি হওয়া গরুবোঝাই ট্রাক উদ্ধার হয়েছে। পুলিশ এ সময় ডাকাতির সঙ্গে জড়িত তিনজনকে আটকের পাশাপাশি দুটি জীবিত ও পাঁচটি মৃত গরু উদ্ধার করে। বগুড়া ডিবি পুলিশ ও শেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতভর টাঙ্গাইলে যৌথ অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার ও তিন ডাকাতকে আটক করে। শুক্রবার বিকালে ওসি ডিবি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দিয়েছেন। আটকরা হলো-ঢাকার সাভারের ইসলামনগরের মৃত আবদুল করিম সরকারের ছেলে আবদুস সালাম সরকার, আশুলিয়ার ডেন্ডাবার নিরিবিলি এলাকার জনাব আলীর ছেলে বুলু মিয়া এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে মহিদুল ইসলাম। ভুক্তভোগী ব্যবসায়ী কুমিল্লার চান্দিনা উপজেলার জামাল উদ্দিনের বৃহস্পতিবার বিকালে বগুড়ার শেরপুর থানায় করা অভিযোগ থেকে জানা যায়, তিনি বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাট থেকে বিভিন্ন সাইজের ১২টি গরু কেনেন। গরুগুলো একটি ট্রাকে বোঝাই করে কুমিল্লার দিকে রওয়ানা করেন। রাত সাড়ে ৪টার দিকে ট্রাকটি বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছলে অপর একটি ট্রাক এসে তাদের গরুভর্তি ট্রাকের সামনে ব্যারিকেড দেয়। এ সময় ১০-১২ জনের একদল ডাকাত নেমে এসে গরুভর্তি ট্রাকের চালক, হেলপার ও তাকে (বাদী) জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে ট্রাকে থাকা ১৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১২টি গরু, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।