নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে  ইজিবাইকের চালক রান্টু মিয়া (২৮), পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস (৫৫) এবং গড়মাটি খান পাড়ার মো. চাঁদ আলী খানের ছেলে শিপন খান (২৫)।

স্থানীয়রা জানিয়েছেন, বনপাড়া থেকে ঈশ্বরদীগামী একটি মালবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রান্টু মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন যাত্রী তৌলক্ষ্য বিশ্বাস ও শিপন খান।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌলক্ষ্য বিশ্বাস মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিপন খানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক শনাক্ত এবং পলাতক চালককে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।